সাংবাদিক ও পেশাজীবী নেতারা বলেছেন, দুর্নীতি আর অপকর্ম তুলে ধরার কারণে সরকারের কোপানলে পড়ে স্বাধীন গণমাধ্যমের অস্তিত্ব আজ হুমকীর মুখে। একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে সরকার গণমাধ্যমের সীমিত সমালোচনাকেও হুমকি মনে করছে।

জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ বাতিল, গণমাধ্যমের বৈরী মন্ত্রী-নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বন্ধ মিডিয়া খুলে দেয়ার দাবিতে শনিবার চট্টগ্রামে এক বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ( সিএমইউজে) নগরীর নূর আহমদ সড়কে সিএমইউজে চত্বরে এ সমাবেশের আয়োজন করে।

সাংবাদিক ও পেশাজীবী নেতারা বলেন, গণমাধ্যমের জবান বন্ধ করতেই তড়িঘড়ি করে গোপনে সম্প্রচার নীতিমালা জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে। শুধু গণমাধ্যম কর্মীরা নয়, দেশের গণতন্ত্রমনা প্রতিটি রাজনৈতিক দল ও জনগণ এ বিতর্কিত সম্প্রচার নীতিমালা প্রত্যাখান করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, তামাশার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকারী এ অবৈধ সরকারের দেয়া সম্প্রচার নীতিমালা অবৈধ। স্বাধীনতা পরবর্তী দেশে নৈরাজ্য আর খুনের রাজনীতি চর্চাকারী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুরা মূলত দেশকে লন্ডভন্ড করে দিতে অব্যাহত অপপ্রয়াসে লিপ্ত। তথাকথিত সম্প্রচার নীতিমালা সে অপপ্রয়াসেরই অংশ।

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন গাজী বলেন, সম্প্রচার নীতিমালা সাংবাদিকদের দাবির ফসল বলে মিথ্যাচার করে চিহ্নিত কিছু সাংবাদিক নেতা গণমাধ্যমের পিঠে ছুরিকাঘাত করছে। তারা সাগর-রুনির রক্তের সাথে বেঈমানি করে সরকারের অবৈধ কর্মকান্ডকে বৈধতা দিচ্ছে।

সিএমইউজে সভাপতি শামসুল হক হায়দরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনওয়াজের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএফইউজের একাংশের মহাসচিব এম এ আজিজ, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট কবীর চৌধুরী, চবি শিক্ষক ড. হাসান মোহাম্মদ, বিএফইউজের সহ সভাপতি এম আবদুল্লাহ, সহকারী মহাসচিব মোদাব্বের হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ইউসুফ।

এছাড়া চিকিৎসক নেতা ডা. খুরশীদ জামিল চৌধুরী, সাংবাদিক নেতা জাহিদুল করিম কচি, মুস্তফা নঈম, প্রকৌশলী নেতা কে এম সুফিয়ান, আইনজীবী নেতা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, এস ইউ এম নুরুল ইসলাম, প্রকৌশলী সেলিম মো. জানে আলম, চিকিৎসক নেতা ডা.ঈসা চৌধুরী, ডা.শাহাদাত হোসেন, ডা.আবুল কালাম আজাদ ও প্রকৌশলী আবুল কালাম সমাবেশে বক্তব্য রাখেন।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ