[b]ঢাকা:[/b] দৈনিক ইনকিলাব ভবনে পুলিশি হানা, পত্রিকাটির প্রকাশনা বিঘ্নিত করতে ছাপাখান সিলগালা করা ও তিনজন সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।
অবিলম্বে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি ও ছাপাখানা খুলে দেয়ার দাবি জানান তিনি। আজ শুক্রবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এ আহ্বান জানান।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, গণতান্ত্রিক সভ্য সমাজে স্বাধীন মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। বর্তমান সরকারের আমলে জনগণের সকল অধিকার ফ্যাসিবাদী কায়দায় হরণ করা হয়েছে। রুদ্ধ করা হয়েছে নির্ভিকভাবে মত প্রকাশের স্বাধীনতাকে।
তিনি বলেন, সাম্প্রতিক আওয়ামী লীগ সরকার দেশের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক আমার দেশ’ বন্ধ এবং সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে অন্তরীণ রেখেছে। এছাড়া বেসরকারী টিভি ‘চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেয়া হয়।
বিরোধী দল ও মত দমনে এ ধরনের অন্যায় ও ন্যক্কারজনক কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য কখনোই শুভ নয়-এমন মন্তব্য করে খালেদা জিয়া বলেন, গণতান্ত্রিক পরিবেশ, দেশের স্থিতিশীলতা এবং শান্তি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তাই অবিলম্বে ইনকিলাব সহ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়া এবং গ্রেপ্তারকৃত সকল সাংবাদিককে নি:শর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানাচ্ছি।