মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ৩টার দিকে ইছাখালী সীমান্তে বিজিবি ও বিএসএফের ক্যাম্প কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তের ১২৪/৩-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় কৃষিকাজ করতে যান ইছাখালী গ্রামের আব্দুল মান্নান (৬৫)। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহলদল তাকে আটক করে নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে সীমান্তসংলগ্ন এলাকায় প্রায় দেড় বিঘা জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসল চাষ করে আসছেন। মঙ্গলবার সকালে নিজের মরিচখেতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
মান্নানকে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তার স্বজন ও স্থানীয় কয়েকজন সীমান্তবর্তী এলাকায় কৃষিকাজ করতে থাকা দুই ভারতীয় নাগরিককে আটক করে ইছাখালী বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন।
আটক ভারতীয় দুই নাগরিক হলেন নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬০) এবং একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে নরতন বিশ্বাস (৩৫)।
ঘটনার পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগের মাধ্যমে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। নির্ধারিত বৈঠকে বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। একই সময়ে বাংলাদেশে আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে তুলে দেওয়া হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ইছাখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু হানিফ। ভারতের পক্ষে ছিলেন নবচন্দ্রপুর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রাজীব কুমার।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়েছে এবং বাংলাদেশে আটক দুই ভারতীয় নাগরিককে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি সীমান্তবর্তী এলাকার কৃষক ও সাধারণ মানুষকে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম না করার আহ্বান জানান। একই সঙ্গে সীমান্তে কৃষিকাজসহ যেকোনো কর্মকাণ্ড পরিচালনার সময় সতর্ক থাকার পরামর্শ দেন।
বিজিবি-বিএসএফের হস্তক্ষেপে কয়েক ঘণ্টার মধ্যে দুই দেশের নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানোয় সীমান্ত এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এমএম