সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

গ্রেপ্তার হাসানুর রহমান তাম্বুলপুর ইউনিয়নের উত্তর তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামের মাহবুর রহমানের ছেলে। নিহত মাহবুর রহমান তার বাবা ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে হাসানুর তার মা হাসনা বেগমের সঙ্গে দুর্ব্যবহার করতেন। এ নিয়ে তিনি অভিমান করে থাকতেন।

ঘটনার সময় হাসানুর ও তার মাকে একসঙ্গে বসিয়ে খাবার খাওয়ানোর জন্য তাদের হাত ধরে অনুরোধ করেন হাসানুরের শাশুড়ি মর্জিনা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে হাসানুর তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বিষয়টি দেখে মাহবুর রহমান হাতের কাছে থাকা বাঁশের খড়ি দিয়ে ছেলেকে আঘাত করেন এবং থাপ্পড় দেন। এর পরই হাসানুর ফল কাটার ধারালো ছুরি দিয়ে বাবার ডান কাঁধে সজোরে আঘাত করেন বলে অভিযোগ।

ছুরিকাঘাতে গুরুতর আহত মাহবুর রহমানকে প্রথমে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর নিহতের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে ছেলে হাসানুর রহমানের বিরুদ্ধে পীরগাছা থানায় হত্যা মামলা করেন।

মামলা হওয়ার পর থেকে হাসানুর আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পরে রোববার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, গ্রেপ্তার হাসানুর রহমানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত শেষে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে।

এস