নিহতরা হলো—হাজরাকাঠি গ্রামের অলিয়ার রহমানের মেয়ে মোছা. ইয়াসমিন (৬) ও মফিজুর রহমানের ছেলে মো. জিসান (১০)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ইয়াসমিন ও জিসানসহ ৫-৬ জন শিশু পারখাজুরা বাঁওড়ের কাছে জলাবদ্ধ ধানক্ষেতে শাপলা তুলতে নামে। একপর্যায়ে ইয়াসমিন পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধারের জন্য পানিতে নামে জিসান।

তবে দুজনের কেউই আর পানির ওপরে উঠতে পারেনি।

খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে ইয়াসমিনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিসানকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হলেও পরে তারও মৃত্যু হয়।

মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের হাজরাকাঠি ওয়ার্ডের সদস্য আবুল হোসেন জানান, পারখাজুরা বাঁওড়ের কাছে হাজরাকাঠি দাসপাড়া মোড়সংলগ্ন জলাবদ্ধ ধানক্ষেতে কয়েক ফুট পানি জমে রয়েছে। সেখানেই শাপলা জন্মেছে।

তিনি বলেন, দুপুরের দিকে কয়েকজন শিশু ওই ধানক্ষেতে শাপলা তুলতে নামে। এ সময় ইয়াসমিন পানিতে ডুবে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে জিসানও পানিতে ডুবে যায়।

হাজরাকাঠি মহিলা আলিম মাদরাসার গণিত শিক্ষক শেখ আজাদ বলেন, তাঁদের প্রতিষ্ঠানের দুই শিশু শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, একজন শিশু পানিতে ডুবে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপর শিশুটিও পানিতে ডুবে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এস