রোববার (১২ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, ডোমারের নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ও ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)। নিহত প্রতিমা, পিতোসা ও যাদব একই পরিবারের সদস্য।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক পরিমল বর্মনসহ একই পরিবারের তিনজন আরোহী নিহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান জানান, আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, ‘ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।’
এস