চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি জাহাজের খালি কনটেইনার থেকে এক কিশোরকে (১৫) জীবিত উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার (১৮ জানুয়ারি) এম ভি ইন্টিগ্রা জাহাজের বাংলাদেশি এজেন্ট কন্টিনেন্টাল ট্রেডার্স (বিডি) লিমিটেডের সহকারী ব্যবস্থাপক এস এম ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে খালি কনটেইনারের ভেতর থেকে ওই কিশোরকে উদ্ধার করে কেলাং বন্দরের স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিশোরটি বাংলাদেশি, তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই কিশোর লুকিয়ে কনটেইনারে ঢুকে পড়ে এবং কেলাং পৌঁছায়। ওই কিশোর বর্তমানে কেলাংয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এস এম ফয়সাল বলেন, জাহাজটি ১ হাজার ৩৩৭ টিইইউএস কনটেইনার বোঝাই করে ১২ জানুয়ারি রওনা হয়। ১৬ জানুয়ারি কেলাং বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছানোর পর জাহাজের নাবিকরা কনটেইনারের ভেতর থেকে আওয়াজ শুনতে পান। পরে বিষয়টি বন্দর কর্তৃপক্ষ জাহাজের স্থানীয় এজেন্ট এবং মেরিন পুলিশকে জানায়। ৬ থেকে ৭টি কনটেইনার নামানোর কনটেইনারটি চিহ্নিত ওই কিশোরকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পোর্ট কেলাং গেছে। খালি কনটেইনারটি নেমসান বেসরকারি ডিপো থেকে বন্দরে আনা হয়।

এবিএস