শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মিঠাপুকুর উপজেলা চত্তর থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালিতে যোগ দিতে ভোর থেকেই কর্মী-সমর্থকদের ঢল নামে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে মোটরসাইকেল চালিয়ে নেতাকর্মীরা উপস্থিত হন। র্যালির পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শোডাউনের সময় কর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানার ও পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করার সময় হাজারো মোটরসাইকেলের শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সারাদিন উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করার কথা রয়েছে।
ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে দুই পাশের জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান অধ্যাপক গোলাম রব্বানি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন—জনগণ চাইলে মিঠাপুকুরকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সুশাসনপূর্ণ এলাকায় পরিণত করব।
তিনি আরও জোর দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
শোডাউনে প্রার্থীর সঙ্গে ছিলেন জামায়াতের রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল, ইউনিয়ন নেতৃবৃন্দসহ হাজারো সাধারণ মানুষ ও সমর্থক।
স্থানীয়রা বলছেন, মিঠাপুকুরে এত বড় মোটরসাইকেল শোডাউন এর আগে কখনো দেখা যায়নি। এ শোভাযাত্রা আসন্ন নির্বাচনে শক্ত অবস্থান জানিয়ে দিল বলেও মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এনএইচ