বৃহস্পতিবার (১৫ মে) রাতে পুশইনের শঙ্কায় বিজয়নগর সীমান্তবর্তী সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় টহল জোরদার করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, আগরতলা বিমানবন্দরের পাশের গেটের কাছে পুশইনের জন্য জড়ো হতে জানা যায়। তখন গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানার পর বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি সতর্কতা অবলম্বন করে সারা রাতজুড়ে সীমান্তে টহল জোরদার করা হয়।
স্থানীয়রা জানান, বিজিবির টহল তৎপরতা বেড়ে গেলে সীমান্ত এলাকার গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকটি মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এরপর বিজিবির সঙ্গে অবস্থান নেয় স্থানীয়রা।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের পুশইনের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে ওই এলাকায় টহল জোরদার করা হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। তবে কতজনকে পুশইন করার জন্য তারা তৎপর ছিল তার সঠিক সংখ্যা জানা যায়নি।
এমএম





