মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০.৩ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যানুসারে, এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। ফলে ভোরের বাতাসে এক ধরনের স্নিগ্ধতা ও শীতলতা অনুভূত হয়েছে, যা স্থানীয়দের কাছে শীতের আগমনের ইঙ্গিত হিসেবে ধরা দিচ্ছে। গত কয়েকদিন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও মঙ্গলবারের তাপমাত্রা পতনকে মৌসুমি পরিবর্তনের লক্ষণ বলে মনে করছেন তারা।
আজ ভোরে কুয়াশার সঙ্গে যুক্ত হয়েছে মৃদু ঠান্ডা হাওয়া, যা পঞ্চগড়ের সকালকে করেছে ভিন্নমাত্রার। স্থানীয়রা জানাচ্ছেন, ঘুম ভাঙতেই জানালা দিয়ে দেখা যায় ধোঁয়াটে কুয়াশায় ঢাকা চারপাশ। কেউ হাঁটছেন, কেউ বা গরম চায়ের কাপে চুমুক দিয়ে উপভোগ করছেন কুয়াশাময় সকাল। শিশু ও বয়স্কদের মধ্যে অনেকে ইতোমধ্যে হালকা গরম পোশাক পরা শুরু করেছেন শীতের প্রভাবে আক্রান্ত না হতে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “গত কয়েকদিন ধরেই তেঁতুলিয়ার আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে, যা মৌসুমি পরিবর্তনের স্পষ্ট লক্ষণ। এখন থেকে প্রতিদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।”
এনএইচ