বুধবার (৮ অক্টোবর) সকালে উপদেষ্টা ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। এরপর গাড়িবহর নিয়ে সরাইল-বিশ্বরোড মোড়ে যাওয়ার পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় তীব্র যানজটে আটকা পড়েন। ঘণ্টাখানেক অপেক্ষার পরও যানবাহন এক ইঞ্চিও নড়েনি, তখন তিনি সিদ্ধান্ত নেন মোটরসাইকেলে যাত্রা চালানোর।
চশমা চোখে ও হেলমেট পরে উপদেষ্টা যখন মোটরসাইকেলে উঠেন, তখন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও বিস্ময়ের ঢেউ দেখা যায়। পুলিশ দ্রুত পথ পরিষ্কার করতে চেষ্টা করেন। এ সময় যানজটে আটকা থাকা অনেকে মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম বলেন, উপদেষ্টা সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জ হোটেল উজানভাটির সামনে থেকে সরাইলের উদ্দেশে রওনা হয়েছিলেন। সোহাগপুর এলাকায় এসে যানজটে আটকা পড়েন। পরে তিনি মোটরসাইকেলে যাত্রা চালিয়ে যান।
উপদেষ্টার সফর উপলক্ষে প্রশাসনের বিভিন্ন দপ্তর সকাল থেকেই সচেষ্ট ছিল। তার আগমনকে কেন্দ্র করে সড়কের খানাখন্দে ইট-বালু বিছানোসহ সাময়িক সংস্কারের কাজও চলছিল। তবে ভারী বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এনএইচ