স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩-এস সংলগ্ন এলাকায় কৃষিকাজ করতে গেলে ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহলদল তাকে আটক করে নিয়ে যায়।
সকাল সাড়ে ৮টার দিকে মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে তার স্বজন ও স্থানীয় কয়েকজন সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থান নেওয়ার সময় দুই ভারতীয় নাগরিককে দেখতে পান। স্থানীয়রা তাদের আটক করে ইছাখালী বিজিবি ক্যাম্পে নিয়ে যান।
আটক দুই ভারতীয় নাগরিক হলেন নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে শ্রী নরতন বিশ্বাস (৩৫)।
ঘটনার পর সীমান্ত এলাকায় দুই দেশের নাগরিক আটকের বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নানকে দেশে ফেরত আনার পাশাপাশি আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হবে।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার কৃষক ও সাধারণ মানুষকে নিজ দেশের সীমানার মধ্যে থেকে কৃষিকাজসহ অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। অসাবধানতাবশত অন্য দেশের ভূখণ্ডে প্রবেশ করলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সীমান্ত এলাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।
এমএম