শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে মেহেরপুরের ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ‘ধলা মাঠ’ এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের চার পুরুষ ও এক নারীকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বাধা দিলে বিএসএফের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবির দৃঢ় অবস্থানের কারণে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে।

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, সীমান্তে অবৈধ পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, যাদের পুশইনের চেষ্টা করা হয়েছিল, তারা এখনো ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছাকাছি অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক রয়েছেন। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

এস