অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হককে দায়মুক্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বুধবার কমিশন এ অভিযোগ নথিভুক্তির (অভিযোগ থেকে অব্যাহতি) মাধ্যমে নিষ্পত্তি করেছে। দুদক সূত্রে এ সব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চলতি বছরের শুরুতে হলফনামায় দেওয়া সম্পদের তথ্য অনুসারে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। দীর্ঘ প্রায় ৯ মাস অনুসন্ধান শেষে তার কোনো অবৈধ সম্পদ না পাওয়ায় অভিযোগটি নথিভুক্ত করে কমিশন।
অনুসন্ধানকালে সাবেক ওই মন্ত্রীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ওই সময় তিনি সাংবাদিকদের কাছে হলফনামায় দেওয়া তথ্য ভুল হয়েছে বলে স্বীকার করেন এবং তা সংশোধন করা হয়েছে বলে জানান।
দুদকের উপ-পরিচালক মীর্জা জাহিদুল আলম অভিযোগটি অনুসন্ধান করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনও দুদক থেকে দায়মুক্তির সার্টিফিকেট পেয়েছেন।
কেএ





