রাজশাহীতে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র সদস্যের কলেজ পড়ুয়া ছেলেকে অপহরণের চেষ্টাকালে দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বিসিক শিল্প এলাকা থেকে হাতেনাতে অপহরণকারীদের আটক করা হয়।

উদ্ধারকৃত কলেজ ছাত্রের নাম আসিফ ইকবাল স্মরণ (১৬)। সে রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজেরে একাদশ শ্রেণির ছাত্র। তার বাবা ডিজিএফআই’র সার্জেন্ট আবদুর রশিদ।

আটককৃত অপহরণকারীরা হলেন- নগরীর জিন্নানগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আরিফ (২৪) এবং একই এলাকার মোকাদ্দেস আলীর ছেলে সেন্টু খান রিপন (২৬)।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুস সোবহান জানান, বেলা সোয়া ১২টার দিকে নগরীর উপশহর এলাকার বাসা থেকে কলেজের উদ্দেশে সাইকেল নিয়ে বের হন আসিফ ইকবাল স্মরণ। নগরীর বিসিক মোড়ে পৌঁছালে অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য তার পথরোধ করে।

অপহরণকারীরা তাকে জোর করে একটি মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। স্মরনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। এসময় ওই এলাকা দিয়ে পুলিশের একটি টহল পিকআপ যাচ্ছিল। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ায় অপহরণকারী চক্রের কয় সদস্য পালিয়ে গেলেও আরিফ ও রিপনকে আটক করা হয়।

ওসি জানান, অপহরণকারী চক্রের দুই সদস্যকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় উদ্ধারকৃত স্মরণের বাবা আবদুর রশিদ থানায় মামলা দায়ের করেছেন।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ