চিত্রনায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের নামে একাধিক মামলা হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল থেকে র্যাব সদর দপ্তরে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ জানান, পরীমণি ও নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হতে পারে।
তিনি আরও বলেন, পরীমণির বাসা থেকে অবৈধ বিদেশি মদ, এলএসডি, আইস এবং এসব সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। মাদক গ্রহণ ও কারবারে জড়িত ছিলেন তিনি। পরীমণিকে এখন নানা অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরীমণিকে আটকের পর বুধবার রাতে বনানীর ৭ নম্বর রোডে প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব।
উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে সম্প্রতি ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন অভিনেত্রী পরীমণি। নাসিরকে আসামি করে সাভার থানায় মামলাও করেছিলেন তিনি। সিনেমার গল্পের মতো গতকাল (০৪ আগস্ট) বুধবার কাহিনিতে নতুন মোড় চলে আসে। হঠাৎ করেই রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে আটক করে র্যাব।
এমবি





