ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ব্যবসায়ী শাহনূর আলম হত্যার ঘটনায় র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প কমান্ডার মেজর এজেডএম সাকিব সিদ্দিকসহ মোট ১১ জনের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করা হয়েছে।
রোববার দুপুরে নবীনগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালতে  এ অভিযোগ দায়ের করেন নিহত শাহনুরের ভাই মেহেদী হাসান।
নবীনগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগটি আদেশের জন্যে বিজ্ঞ আদালত আগামী ৪ জুন শুনানির দিন ধার্য্য করেন।
এ আর্জিতে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এজেডএম সাকিব সিদ্দিক ও সাব-ইন্সপেক্টর মো. এনামুল হকসহ নাম উল্লেখ না করে র‌্যাবের আরো ৭ জন সদস্য জড়িত থাকার কথা বলা হয়েছে।
এছাড়া নবীনগরের কৃষ্ণনগর গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫৮) ও নবীনগরের মৃত শরাফত আলীর ছেলে আবু তাহের মিয়া (৪৫) কে এ ঘটনায় জড়িত থাকার কথা উল্লেখ করা হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল আনাম জানান, রোববার মামলার শুনানিতে ব্রাহ্মণবাড়িয়ার ১৬ জন আইনজীবী অংশ নেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৯ এপ্রিল নবীনগর উপজেলার বগডর গ্রামের হাজী রহিজ উদ্দিনের ছেলে শাহনূর আলমকে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা গ্রেফতার করেন। এরপর ৬ মে নৃশংস নির্যাতনের কারণে পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়। র‌্যাবের নির্যাতনে শাহনূরের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
মামলার বাদী মেহেদী হাসান বলেন, ৬ মে শাহনূর আলম মারা যান। এর আগে ২৯ এপ্রিল শাহনূরকে গ্রেফতার করে র‌্যাব। তার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে র‌্যাবের নির্যাতনে শাহনুরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়। রবিবার এই অভিযোগটি আনুষ্ঠানিকভাবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]