কুমিল্লায় বিজিবি সদস্য রিপন হত্যা মামলায় বিএনপি,যুবদল ও ছাত্রদলের ১৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।  
মঙ্গলবার দুপুরে কুমিল্লার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১নং আমলী আদালতের বিচারক অম্লান কুমার জিষ্ণু এ আদেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়,গত ২৬ নভেম্বর বিরোধী দলের ডাকা হরতাল অবরোধ চলাকালে সংঘর্ষে কুমিল্লা মহানগরীর দক্ষিণ চর্থায় নিহত হন কুমিল্লা বিজিবি ১০ ব্যাটালিয়নের সদস্য রিপন। এ ঘটনায় ওই দিন রাতেই পুলিশ বাদি হয়ে ৮৪ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
দায়েরকৃত মামলার ১৬ আসামি গত ২০ জানুয়ারি হাইকোর্টে জামিন চাইলে হাইকোর্ট তাদের ১১ ফেব্রুয়ারি নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
ওই নির্দেশে মঙ্গলবার দুপুরে কাউন্সিলর সাখাওয়াত উল্লাহ শিপন,বিএনপি নেতা আমিরুজ্জামান,যুবদল নেতা ফেরদৌস,ইকবাল,মহানগর ছাত্রদল নেতা পান্না,মিঠু,রাজুসহ ১৬ নেতাকর্মী কুমিল্লা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত সবার জামিন না মঞ্জুর  করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]