প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে’ করা মামলার জামিন শুনানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার আদালতে ভার্চুয়ালি এই জামিন শুনানি শুরু হয়।

রোজিনা ইসলামের জামিন শুনানির জন্য বৃহস্পতিবার (২০ মে) সকাল থেকেই আদালতে অপেক্ষা করছেন তার আইনজীবীরা। এছাড়াও আদালতের সামনে গণমাধ্যমকর্মীদেরও ভিড় করতে দেখা গেছে।

আদালতের বাইরে অপেক্ষা করছেন রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু ও তার স্বজনেরা। পরিস্থিতি নিযন্ত্রণে অবস্থান নিযে আছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রোজিনার বিরুদ্ধে পুলিশের করা রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন শুনানির জন্য ২০ মে দিন ধার্য করেন।

গত সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পেশাগত দায়িত্ব পালন করতে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা। এরপর ‘সরকারি নথি চুরি’ করার অভিযোগ তুলে সেখানে তাকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

মামলাটি করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ডা. শিব্বির আহমেদ ওসমানী। এতে দণ্ডবিধির দুটি ধারায় গুরুত্বপূর্ণ ‘সরকারি নথি চুরি’ এবং ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে’র দুটি ধারায় রাষ্ট্রীয় গোপন নথি দখলে নেওয়ার অভিযোগ আনা হয়।

মামলায় রোজিনাকে আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন। অন্যদিকে রোজিনার পক্ষে জামিন আবেদন করা হলে আংশিক শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন বিবৃতি, বিক্ষোভ ও সমাবেশ করেছে। এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তার মুক্তির দাবি করেছেন তারা।

এমবি