নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় র‌্যাব কর্মকর্তাদের গ্রেফতার সম্পর্কিত হাইকোর্টের আদেশর বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য হাইকোর্টের নজরে আনা হচ্ছে।
রোববার সকালে আইনজীবী তামজিদা মিলা ডেইলী স্টারে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনেন।
এ প্রসঙ্গে আইনজীবী তামজিদা মিলা বলেন, ‘সংবাদপত্রে প্রকাশিত প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ আদালতকে পড়ে শোনানো হয়েছে। 'কনটেমপ্ট অব কোর্ট হলে আই ডোন্ট কেয়ার' বলে প্রধানমন্ত্রীর বক্তব্য ওই প্রতিবেদনে এসেছে। এটা হলে সাধারণ জনগণ আদালত অবমাননাকে কীভাবে দেখবে?’
প্রতিবেদনটি আদালতে জমা দিয়েছেন বলেও জানান ওই আইনজীবী। তিনি বলেন, আদালত প্রতিবেদনটি পড়ে দেখবেন বলে বলেছেন।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এটা আনা হয়।
শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, 'দীর্ঘদিন ধরে চলতে চলতে এটা একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। চট করে বন্ধ করা সম্ভব না।'
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর র‌্যাব বিলুপ্তির দাবি তোলেন বিএনপি প্রধান খালেদা জিয়া। এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাব দেয়ার সময় তদন্ত চলাকলে তিন জন র‌্যাব কর্মকর্তাকে গ্রেফতার করতে উচ্চ আদালতের আদেশ নিয়ে উষ্মা প্রকাশ করেন সরকার প্রধান।
শেখ হাসিনা বলেন, 'হাই কোর্টের একটি বেঞ্চ কিভাবে অর্ডার দেয়, গ্রেফতার করেন। ওই জজ সাহেবের কাছে নিশ্চয়ই তথ্য আছে। দুই জাজের কাছে তথ্য থাকলে দিন। তদন্তের সহায়তা করুন।'ওই বেঞ্চের জজ সাহেবরাই তদন্ত করবেন। তারাই বিচার করবেন।'
এসময় সাংবাদিকদের দিকে তাকিয়ে হাসতে হাসতে প্রধানমন্ত্রী বলেন, 'কী, কনটেম্প করবে? আমি পরোয়া করি না।' 'আমার কথা কঠোর হয়ে যাচ্ছে? বাস্তব কথা কঠোরই হয়,'।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]