ডেসটিনি ২০০০ লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

শনিবার (০৩ জুলাই) ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টার দিকে রফিকুল আমীনকে কারাগারে আনা হয়েছে। কারাগারে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। তিনি গত ১১ এপ্রিল থেকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে গতকাল রফিকুল আমিনের মোবাইল ফোন ব্যবহার ও জুম মিটিংয়ে অংশ নেয়ার ঘটনায় ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। এছাড়া সাময়িক বরখাস্ত করা হয় চার কারারক্ষীকে। সাময়িক বরখাস্ত হওয়া ৪ কারারক্ষী হলেন- মো: ইউনুস আলী মোল্লা, মীর বদিউজ্জামান, মো: আব্দুস সালাম ও মো: আনোয়ার হোসেন।

জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন রফিকুল আমীন। সেখানে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা কারারক্ষীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে সেই অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে চূড়ান্ত ব্যবস্থা।

২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনি ২০০০ লিমিটেডের এমডি রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই বছরের অক্টোবরে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ ও ৯৬ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ করেছে দুদক।

এমবি