অসুস্থতার কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। ফলে এ মামলায় তার জামিনের মেয়াদ ২৮ জুন পর্যন্ত বাড়িয়ে ওই দিন তাকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
আজ (সোমবার) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।
এদিনে মামলার যুক্তিতর্ক শুনানিতে অনুপস্থিত খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধি ও তার হাজিরা পরোয়ানা (পিডব্লিউ) প্রত্যাহারের আবেদন করেন তার আইনজীবীরা।
আদালত খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ালেও পিডব্লিউ প্রত্যাহারের আবেদন না মঞ্জুর করেন।
এ মামলায় জিয়াউল ইসলাম মুন্না নামে এক আসামি ওমরায় যাওয়ার জন্য আবেদন করলে আদালত সরকারের অনুমতিসাপেক্ষে তা মঞ্জুর করেন।
চলতি বছরের ৩০ জানুয়ারি এ মামলায় খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ সাজা অর্থাৎ ৭ বছর কারাদণ্ড দাবি করে দুদক প্রসিকিউশন।
৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এর পর থেকে তিনি নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক।
এমবি





