সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে খায়রুল হক যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি বিচার বিভাগের স্বাধীনতা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, বিচারপতি খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের রায়ের মাধ্যমে দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দেশের মানুষ তাদের ভোটের অধিকার হারিয়েছে। এ রায়ের ফলে তিনি গণতন্ত্র ও মৌলিক মূল্যবোধের কবর রচনা করেছেন।

তিনি আরও বলেন, বিচারপতি এ বি এম খায়রুল হক মুন সিনেমা হলের অধিগ্রহণ সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে উদ্দেশ্যমূলক পূর্বপরিকল্পিত অপ্রসাঙ্গিকভাবে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করেছেন।  তিনি পঞ্চম ও তেরোতম সংশোধনীর রায়কেও বির্তকিত করেছেন। এ কারণে বিচারপতি খায়রুল হক ষোড়শ সংশোধীর রায় বাতিলে পূর্ব পরিকল্পনার গন্ধ পাচ্ছেন।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন। এ সময় সরকার সমর্থক আইনজীবীরা হট্টগোল শুরু করেন।

উল্লেখ্য, বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বক্তব্য দিয়েছেন আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক। এসময় তিনি এ রায়ের কঠোর সমালোচনা করেন।

এমবি