বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৭ পদে নির্বাচিত হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। অন্যদিকে সভাপতিসহ বাকি ৪টিতে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ ও বাম সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ।
এছাড়া নির্বাচন উপ-পরিষদের ৫টি পদের মধ্যে ৩টিতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং ১টিতে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের প্রার্থী নির্বাচিত হয়েছেন। ভোট গণনায় ভুলের অভিযাগ ওঠায় নির্বাচন উপ-পরিষদের ১টি পদের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার দুপুরে অনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মিশনার অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বরিশাল আইনজীবী সমিতির বর্ধিত ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৭৬৯ জন ভোটারের মধ্যে ৬৯৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করে। নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক জানান,সভাপতি পদে সম্মিলিত আইনজীবী পরিষদের প্রার্থী একেএম জাহাঙ্গীর ৩৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মুজিবুর রহমান নান্টু পেয়েছেন ৩১৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মহসিন মন্টু। প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী পরিষদের দেলোয়ার হোসেন দিলু পেয়েছেন ২৮৯ ভোট।
সহ-সভাপতির ২টি পদের মধ্যে একটিতে সম্মিলিত আইনজীবী পরিষদের এবিএম ফকর উদ্দিন এবং অপরটিতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পারভীন আক্তার বেবী বিজয়ী হয়েছেন।
অর্থ-সম্পাদক পদে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মির্জা রিয়াজ হোসেন। যুগ্ম সম্পাদক ২টি পদের মধ্যে একটিতে জয় পেয়েছেন সম্মিলিত আইনজীবী পরিষদের মাইনুল ইসলাম বাবুল এবং অপরটিতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শাহানুর খানম।
নির্বাহী সদস্য ৪টি পদের মধ্যে ৩টিতে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। বিজয়ীরা হলেন-জাহির হোসেন লিটন,জাহিদুল ইসলাম পান্না ও বিউটি সুলতানা। সম্মিলিত আইনজীবী পরিষদের একমাত্র নির্বাহী সদস্য সামসুজ্জামান সোহেল।
ঢাকা, ১৪ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ