জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজার রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিল শুনানির তারিখ ৩ জুলাই ধার্য করেছেন হাইকোর্ট।
আজ (বুধবার) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।
এসময় আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপস্থিত ছিলেন- আইনজীবী খুরশীদ আলম খান। খালেদা জিয়ার পক্ষে ছিলেন- আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ সময় ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, আপিল বিভাগ ৩১ জুলাইয়ের মধ্যে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশনা দিয়েছেন। সর্বোচ্চ আদালতের এই নির্দেশনা হাইকোর্টের জন্য বাধ্যতামূলক। গত রোববার (২৪ জুন) আপিলটি মেনশন করা হয়েছে। আজ আদালত আপিলের শুনানির জন্য দিন ধার্য ছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য ফের ৩ জুলাইয়ে দিন ধার্য করেছেন হাইকোর্ট।
৮ ফেব্রুয়ারি এ মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড ও অর্থ দন্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। বয়স ও সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে আদালত তাঁকে এই দন্ডাদেশ দেন। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।
এ মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন বহাল রেখে আপিল বিভাগ ১৬ মে রায় দেন। রায়ে ৩১ জুলাইয়ের মধ্যে পাঁচ বছর দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে করা খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করতে বলেন আদালত।
এমবি





