একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, জামায়াত শতাধিক জঙ্গি সংগঠনের জন্ম দিয়েছে। ’৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী তালিকা তৈরি করে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। সেখান থেকে মুক্ত চিন্তার বুদ্ধিজীবী হত্যা শুরু হয়েছে। অর্থাৎ যেকোনো ধরনের প্রগতিশীলতা মৌলবাদের প্রতিপক্ষ। শনিবার রাতে বৈশাখী টেলিভিশনে ‘জিরো আওয়ার’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ।
অনুষ্ঠানে কাজী সিরাজ বলেন, হরতাল-অবরোধ ও রাজনৈতিক সহিংসতার সুযোগে নিয়ে জঙ্গিরা অপরাধ সংগঠিত করছে। অভিজিৎ রায়কে যে ভাবে হত্যা করা হয়েছে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। জঙ্গিরা সুযোগ বুঝে হত্যাকান্ডগুলো সংগঠিত করে। এসব জঙ্গিদের প্রশিক্ষণ উন্নত । এরা আধুনিক অস্ত্র ব্যবহার না করে দেশিয় অস্ত্র ব্যবহার করে। এমনকি হত্যাকান্ড সংগঠিত করে মুহূর্তের মধ্যে পালিয়ে যেতে সক্ষম। ওদের প্রশিক্ষণের তুলনায় পুলিশ বাহিনীর প্রশিক্ষণ কম। জঙ্গিদের মোকাবেলা করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো বেশি প্রশিক্ষিত হতে হবে। প্রশিক্ষিত বাহিনী দিয়ে এদের মোকাবেলা করতে হবে। জনগণের মাঝে সচেতনতা বাড়াতে হবে। জঙ্গিরা সংখ্যায় কম হলেও এদের শক্তি-সামর্থ্য বেশি।
এএইচ





