জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দুই মামলার আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে পরবর্তী ধার্য দিন আগামী ৪ মার্চ হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদরাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালতে বুধবার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে এ আদেশ দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদের অসমাপ্ত সাক্ষ্যগ্রহণ শেষে এ আদেশ দেন বিচারক। কোনো আসামি না থাকায় প্রথম সাক্ষীকে আসামিপক্ষের জেরা বাতিল করে আগামী ৪ মার্চ দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলার আসামি তারেক রহমানকে হাজির করানোর আবেদন জানান।

তিনি বলেন, অসুস্থতাজনিত কারণ দেখিয়ে চিকিৎসার কথা বলে জামিন নিয়ে বিদেশে গিয়েছিলেন তারেক রহমান। এখন তিনি সুস্থ আছেন বলে আমরা জেনেছি। তাই মামলার বিচারিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে তাকে আদালতে হাজির করানো প্রয়োজন।

এরপর আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে আগামী ধার্য তারিখে (৪ মার্চ) অবশ্যই তারেক রহমানকে হাজির করানোর আদেশ দেন আদালত।

এআর