গ্রেফতার মো. সারোয়ার হোসেন খান (৪০) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে। তিনি গাজীপুরের একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে সিআইডির একটি দল সারোয়ার হোসেনকে গ্রেফতার করে। পরে তাকে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার (২৬ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত বছরের ১৪ এপ্রিল ভুক্তভোগী তরুণী মোহনগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। একই সঙ্গে নারীদের জন্য সাইবার সুরক্ষাবিষয়ক সেলেও অভিযোগ দেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে অভিযুক্তকে শনাক্ত করা হয়। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি তাকে গ্রেফতার করে।

ভুক্তভোগীর অভিযোগ, ভুয়া ফেসবুক আইডি থেকে তার ছবি সম্পাদনা করে অশ্লীলভাবে প্রকাশ করা হতো। পাশাপাশি তার ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে নিয়মিত হেনস্তা করা হয়। এতে তিনি ও তার পরিবার সামাজিক অপমান এবং মানসিক ভোগান্তির শিকার হন। একপর্যায়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য হতে হয়।

তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএম