মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিল মামলায় যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার বেলা সাড়ে এগারটা থেকে আপিল মামলার তৃতীয় দিনের শুনানিতে এ যুক্তিতর্ক উপস্থাপন করেন মীর কাসেম আলীর আইনজীবী এস এম শাহজাহান।
তিনি মীর কাসেম আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনা ৪, ৬ ও ৭ নম্বর অভিযোগের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে ৯ নম্বর অভিযোগের বিষয়ে শুরু করেছেন। এর আগে ১০ ফেব্রুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন করেন ২ নম্বর অভিযোগের বিষয়ে।
এসময় আদালতে উপস্থিত ছিলেন আসামিপক্ষের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে এ শুনানি চলছে। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
এসএইচ





