করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে সারাদেশে অধঃস্তন আদালতে বুধবার (২৮ এপ্রিল) ভার্চ্যুয়ালি জামিন পেয়েছেন ১ হাজার ৪২২ জন হাজতি। ১২ কার্যদিবসে মোট ২১ হাজার ৪৬১ হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

আজ (২৯ এপ্রিল) বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

এর মধ্যে বুধবার (২৮ এপ্রিল) ভার্চ্যুয়াল শুনানি নিয়ে সারাদেশে অধস্তন আদালতে দুই হাজার ৭৩৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং তাতে এক হাজার ৪২২ জন অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন। এছাড়া মোট ১২ কার্যদিবসে ভার্চ্যুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ২৬৯ জন বলে জানান তিনি।

এমবি