প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে’ করা মামলায় জামিন পেয়েছেন। ৫ হাজার টাকা জামানত ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়।
আজ (২৩ মে) রোববার ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালত তার জামিন মঞ্জুর করেন।
জামিন শেষে আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বলেন, “আদালতে আমরা জামিন চাইলে পাসপোর্ট জমা দেওয়ার শর্ত দেয় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আমরা তা মেনে নিলে রোজিনা ইসলামের জামিন দেওয়া হয়।”
এর আগে গত বৃহস্পতিবার (২০ মে) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে সাংবাদিক রোজিনার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
ওই দিন রোজিনার পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজি, আমিনুল গনি টিটু, জ্যোতির্ময় বড়ুয়া, প্রশান্ত কুমার কর্মকার ও আশরাফুল আলম।
অপরদিকে, রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতা করেন হেমায়েত উদ্দিন হিরোন।
আদালত শুনানি শেষে রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আদেশের জন্য রোববার (২৩ মে) দিন ধার্য করেন।
গত মঙ্গলবার (১৮ মে) রোজিনা ইসলামকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার (২০ মে) দিন ধার্য করেন।
এরআগে গত ১৭ মে (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে পেশাগত দায়িত্ব পালন করতে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান সাংবাদিক রোজিনা। এরপর ‘সরকারি নথি চুরি’ করার অভিযোগ তুলে সেখানে তাকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
মামলাটি করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ডা. শিব্বির আহমেদ ওসমানী। এতে দণ্ডবিধির দুটি ধারায় গুরুত্বপূর্ণ ‘সরকারি নথি চুরি’ এবং ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে’র দুটি ধারায় রাষ্ট্রীয় গোপন নথি দখলে নেওয়ার অভিযোগ আনা হয়।
মামলায় রোজিনাকে আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন। অন্যদিকে, রোজিনার পক্ষে জামিন আবেদন করা হলে আংশিক শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন বিবৃতি, বিক্ষোভ ও সমাবেশ করেছে। এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তার মুক্তির দাবি করেছেন তারা।
এমবি





