চলমান লকডাউনে সারাদেশে অধঃস্তন আদালত হতে ১৮ হাজার ৬৪৯ জন আসামি জামিনে মুক্ত হয়েছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১০ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে জামিনপ্রাপ্ত হয়েছে মোট ১৮ হাজার ৬শ’ ৪৯ জন আসামি কারাগার হতে মুক্ত হয়েছেন। এ সময়ে ৩৩ হাজার ৫শ’ ২৩ টি আবেদন নিস্পত্তি হয়েছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র জানান, রোববার (২৬ এপ্রিল) সারাদেশে অধঃস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ২৩ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৫শ’ ৯৩ জন হাজতী জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

সাইফুর রহমান আরও জানান, এখন পর্যন্ত মোট ১০ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ২১১ জন।

এমবি