সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সাবেক প্রধান বিচারপতি ও জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল হক এ যুগের মীর জাফর।
আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে ষোড়শ সংশোধনীর রায় ও বিচার বিভাগ নিয়ে খাইরুল হকের অশালীন বক্তব্যের প্রতিবাদে তিনি একথা বলেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “খায়রুল হক এ যুগের মীর জাফর। একটি রায় নিয়ে তিনি যে মন্তব্য করেছেন বিচার বিভাগকে হেয় করেছে। সরকারের টার্গেট সুপ্রিম কোর্টকে আঘাত করা।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, “বিচারপতি খায়রুল হক জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তিনি তার রায়ে জনগণের বিরুদ্ধে গিয়ে শপথ ভঙ্গ করেছিলেন। একজন মন্ত্রীও রায়ের বিরুদ্ধে মন্তব্য করে তার শপথ ভঙ্গ করেছেন।
রায়কে ঘিরে আওয়ামীপন্থী আইনজীবীরা বিভক্তি সৃষ্টি করছে। অতীতেও অনেক রায় হয়েছে কিন্তু এমনটা ঘটেনি। ইতিহাসও বলে না, এমনটা হয়েছে কখনো। তাই আমরা রায় নিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো।”
এমবি





