চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলাকে বেনাপোল বাসস্ট্যান্ড থেকে গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা জানান, আসামি এহতেশামুল হক ভোলার জামিন বাতিলের পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। যশোর থেকে আনার পর আজ (২৩ অক্টোবর) শনিবার বিকেলে তাকে আদালতে নেওয়া হয়েছে।
সন্তোষ কুমার আরও জানান, মিতু হত্যার ঘটনায় তার বাবার করা মামলার আসামি এহতেশামুল হক ভোলা।
গত ১৪ অক্টোবর সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলার জামিন নামঞ্জুর করে চট্টগ্রামের একটি আদালত। আসামি ভোলা উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করতে সময়ের আবেদন করেন।
মামলায় গত ১৫ সেপ্টেম্বর আসামি এহতেশামুল উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। মেয়াদ শেষ হওয়ায় মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে খুন হন মাহমুদা খানম মিতু।
এমবি





