চীনের সাথে বাংলাদেশ সরকারের ২৫৮ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং চীনের পক্ষে রাষ্ট্রদূত লি জুন।
ইআরডির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, বর্তমান বিনিময় হার অনুযায়ী ২৫৮ কোটি টাকার এ অনুদানের অর্থ কোন খাতে ব্যয় করতে হবে সে বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বের অংশ হিসেবে এ অনুদান দেওয়া হচ্ছে। যে কোনো প্রকল্প বাস্তবায়নে সরকার এ অর্থ ব্যয় করতে পারবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব বলেন, চীন এ দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। সম্প্রতি বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিশাল অংকের ঋণ পাওয়া যাচ্ছে চীন থেকে।
এদিকে অনুদান হিসেবে ৫০টি অ্যাম্বুলেন্স দেওয়ার কথাও জানিয়েছে চীন। ইআরডির অনুরোধের প্রেক্ষিতে রাজধানীর পার্শ্ববর্তী শিল্প-কারখানায় ঘন ঘন অগ্নিকান্ড থেকে জানমাল রক্ষা ও উদ্ধার কাজে ব্যবহারের জন্য এসব অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে।
ইআরডি সূত্র জানায়, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ব্যবহারের জন্য এসব অ্যাম্বুলেন্স দেওয়া হবে। অ্যাম্বুলেন্সগুলো ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চীন সরকারের সঙ্গে চুক্তি হওয়ার পরই তা ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]