ঢাকায় এক লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ করবে সরকার। এসব অ্যাপার্টমেন্ট জনগণের কাছে স্বল্পমূল্যে বিক্রি করা হবে।
অ্যাপার্টমেন্ট কিনতে জনগণকে স্বল্পসুদে ঋণ দেয়া হবে। এ জন্য একটি বেসরকারি ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। ঋণের অর্থ দিয়ে স্বল্পমূল্যে অ্যাপার্টমেন্ট কেনার সুবিধা পাবেন জনগণ।
শুক্রবার বসুন্ধরা কনভেনশন সিটিতে দু’দিনব্যাপী হোম ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।
ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, সরকার পরিকল্পিত নগরী গড়তে চাচ্ছে। সেজন্য রাজউক ও গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকায় প্রায় এক লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ করবে। এ জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। তারা জনগণকে ২৫ বছরের জন্য ৮ দশমিক ৫ শতাংশ সুদে ব্যাংক ঋণ দেবে।
এ অর্থ দিয়ে জনগণ সরকারি অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। উত্তরায় বেসরকারি খাত যেখানে অ্যাপার্টমেন্ট (প্রতি বর্গফুট) ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি করছে সেখানে সরকার সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি করবে।
পূর্বাচলে ৬৫ হাজার অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিুবিত্তের চাহিদা মাথায় রেখে অ্যাপার্টমেন্টগুলো বিভিন্ন আয়তনের হবে।
হোম ফেস্ট প্রসঙ্গে তিনি বলেন, মানুষের আয় বেড়েছে। রুচির পরিবর্তন হয়েছে। সে জন্য ইনটেরিয়র ডিজাইনের চাহিদা বাড়ছে। হোম ফেস্টের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ ধরনের হোম ফেস্ট শুধু ঢাকাতেই নয়, চট্টগ্রামসহ অন্যান্য জায়গায়ও করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, সরকার ক্ষমতা নেয়ার সময় সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। এখন ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। গ্রামগঞ্জে শুধু বিদ্যুৎই যায়নি এর সঙ্গে রাইসকুকার ও এয়ারকন্ডিশনও গেছে। ২০২০-২১ সালের প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বার্জার পেইন্টসের জেনারেল ম্যানেজার একেএম সাদেক নাওয়াজ, হাতিলের বিপণন বিভাগের পরিচালক মশিউর রহমান, এসএসজিও প্রধান বিপণন কর্মকর্তা আফতাব মাহমুদ খুরশিদ প্রমুখ।
মাহমুদ.





