ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহেরকে রিয়াদে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার রাতে রিয়াদের কোকোপাম্প অডিটোরিয়ামে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নামক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের একটি সংগঠন তাকে সংবর্ধনা দেয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক আবু নাসেরের উদ্দেশে মানপত্র পাঠ করেন কবি শাহ জাহান চঞ্চল। অতঃপর তাকে ক্রেস্ট প্রদান করেন আইবিডব্লিউএফের নেতারা।
প্রবাসীদের উদ্দেশে অধ্যাপক আবু নাসের আব্দুজ জাহের বলেন, ‘আপনারা সবাই এখানে বাংলাদেশের প্রতিনিধি, তাই এমন কোনো কাজ করবেন না, যা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।’ তিনি প্রবাসী ব্যবসায়ীদের বলেন, ‘আপনারা ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশিদের কাজে লাগান। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সব সময় ব্যবসায়ীদের সহযোগিতা করে যাবে।’
মুক্তিযোদ্ধা জাকির হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ রিয়াদের সভাপতি নুরুল ইসলাম আহমেদ। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ব্যবসায়ীদের সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে আমরা ব্যবসায়ীদের নানাভাবে সহযোগিতা করে থাকি। নতুন ব্যবসায়ীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করি। রিয়াদ কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা আমাদের সংগঠনে আছেন। যারা এখনো এই সংগঠনের সদস্য হননি তাদের সদস্য হওয়ার অনুরোধ করছি।’
এ ছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী কাপ্তান হোসেন, সানাউল্লাহ ফারুকী, আব্দুল আওয়াল, লোকমান খান, মুজাহিদুল ইসলামসহ আইবিডব্লিউএফের প্রবাসী নেতারা।
অনুষ্ঠানে আইবিডব্লিউএফের নতুন সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের। তিনি ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নৈশভোজ শেষে রাত ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এএইচ





