প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে শুধুমাত্র গাড়ি সংযোজন নয়, পূর্ণাঙ্গ গাড়ি তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, দেশের বাজারে ক্রমবর্ধমান মটর গাড়ির চাহিদা মেটাতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। বিদেশি বিনিয়োগে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
শিল্পমন্ত্রী শনিবার বাংলাদেশ মটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত হোমটাউন মটর পার্টস মার্কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, মটর পার্টস ব্যবসা দেশে অটোমোবাইল প্রযুক্তি স্থানান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইতোমধ্যে রাজধানীর ধোলাইখালসহ কোনো কোনো এলাকায় দেশিয় প্রযুক্তিতে মটর পার্টস তৈরি হচ্ছে। তিনি দেশেই গুণগতমানের স্পেয়ার পার্টস তৈরির জন্য বিনিয়োগে এগিয়ে আসতে মটর পার্টস ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
আমির হোসেন আমু বলেন, দেশে স্পেয়ার পার্টস শিল্প বিকাশের মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব। আমদানি বিকল্প এ শিল্পখাতে বিনিয়োগে এগিয়ে আসলে সরকারের পক্ষ থেকে সম্ভব সবধরণের নীতি সহায়তা দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
পরে মন্ত্রী ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ মটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন এবং রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে মটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ঢাকা মহানগর রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনায় ২শ’ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। এ রক্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড ব্যাংকে জমা দেয়া হয়।
পরে মন্ত্রী ২০১৪-১৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, যারা প্রস্তাবিত বাজেটের বিরোধীতা করছেন, কথায় নয়, কাজের মাধ্যমে বাজেট বাস্তবায়ন করে তাদের সমালোচনার জবাব দেয়া হবে।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে শিল্প মন্ত্রণালয়ের জন্য পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। এ বরাদ্দ দিয়ে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরণের সমস্যা হবে না বলে তিনি সাংবাদিকদের জানান।
বাংলাদেশ মটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সাহিদুর রহমান সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা মহানগরির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল বাশার, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম ফজলুল হক মিন্টু বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]