স্টিলের (প্রি-ফেব্রিকেটেড) ভবন তৈরির যন্ত্রপাতি আমদানিতে আরোপিত ৬১ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট)এবং পোশাক কারখানায় ‘ফায়ার ডোর’বা অগ্নি প্রতিরোধক দরজা নির্মাণের ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে পাট, বস্ত্র ও সুতা খাতের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে এনবিআরের প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানিয়েছেন বিজেএমইএ’র প্রেসিডেন্ট মো. আতিকুল ইসলাম।
আতিকুল ইসলাম বলেন, ‘পোশাক খাতের ৪০ শতাংশ ভবন হচ্ছে শেয়ার্ড বিল্ডিং (অংশীদারি ভবন)। শেয়ার্ড বিল্ডিংয়ে যাদের কারখানা রয়েছে নিরাপত্তার জন্য তারা প্রি-ফেব্রিকেটেড বিল্ডিং তৈরির জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু এর যন্ত্রপাতি আমদানির ওপর ৬১ শতাংশ ভ্যাট আরোপ থাকায় শেয়ার্ড বিল্ডিং থেকে কারখানা স্থানান্তর অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। তাই আসন্ন বাজেটে এ ভ্যাট তুলে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
এসময় তিনি বলেন, ‘বায়ারদের কাছ থেকে ৪১৯টি পোশাক কারখানার অবকাঠামোসহ বিভিন্ন বিষয়াদি পরিদর্শন করার পর ১৩টি ভবন পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এসব ভবনের কারখানাগুলোতে ১১ হাজার ৫০০ শ্রমিক কাজ করতো। তারা সবাই এখন বেকার হয়ে গেছে। এছাড়া এই জরিপের পর ৫৭ কারখানার ১১০ মিলিয়ন বা ১১ কোটি ডলার মূল্যের অর্ডার বাতিল করেছে বায়াররা। তারা ‘ফায়ার ডোর’ কিংবা ‘ইনডিপেনডেন্ট বিল্ডিং’ নির্মাণের যে শর্ত দিচ্ছে তার জন্য সময় চাইছেন কারখানা মালিকরা।’
তিনি আরো বলেন, ‘ফায়ার ডোর নির্মানের ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট প্রদানের বিষয়টি আমি সরকারের নজরে আনতে চাই। এক্ষেত্রে ভ্যাট প্রদানের কোনো প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। আমরা শ্রমিক ও সম্পদের নিরাপত্তার জন্য ফায়ার ডোর নির্মাণ করছি। ফায়ার ডোর নিয়ে আমরা কোন ব্যবসা করছি না। এক্ষেত্রে এতো টাকা ভ্যাট দেওয়ার বিষয়ে আমাদের আপত্তি রয়েছে।’ এছাড়া ‘প্রি ফেব্রিকেটেট বিল্ডিং’এর ক্ষেত্রে ৬১ শতাংশ ডিউটি শূন্যতে নামিয়ে আনারও দাবি জানান তিনি।
এদিকে বিকেএমই’র পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম আলী রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের অডিট কার্যক্রমের জন্য দলিলাদি দাখিলের সময়সীমা ৩ মাসের পরিবর্তে ৬ মাস করার দাবি জানান। এছাড়া ল্যাবরেটরি চার্জ, কনসালটেন্সি চার্জ, কমপ্লায়েন্স অডিট, ঠিকাদার যোগানদার চার্জ, সিকিউরিটিজ সার্ভিস চার্জ, পরিবহন ঠিকাদারি চার্জ, আইন পরামর্শক চার্জগুলোকেও শতভাগ ভ্যাট মুক্ত রাখার আহ্বান জানানো হয়ছে।
আলোচনায় অন্যান্যের মধ্যে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিকেএমইএ, বিজেএ, বিজেএমএ, বিটিএমএ, বিজিএমইএসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এনবিআর সদস্য ফরিদ উদ্দীনের সঞ্চালনায় এনবিআরের বাজেট সমন্বয়ক কমিটির মেম্বার ও এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা এতে অংশ নেন।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]