তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন একজন ‘কুলাঙ্গার’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
তিনি বলেন, ‘শ্রমিকদের সঙ্গে দেলোয়ার হোসেন যে নাটক করেছেন তা একজন কুলাঙ্গারের কাজ। অথচ অনেকেই শ্রমিক নির্যাতনকারী এ অপরাধীর পক্ষ নিয়েছেন। এ ধারা অব্যাহত থাকলে রাজনৈতিক কর্মীরা সহযোগী হয়ে তাদের পাশে দাঁড়াবেন।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার দুপুরে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে তোবার শ্রমিক এবং তাজরীন ও রানা প্লাজার নিহত-আহতদের ক্ষতিপূরণ, হলমার্ক কেলেঙ্কারির নায়কদের বিচার ও হেলিকোন শ্রমিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। এখানে এসব কথা বলেন ফজলে হোসেন বাদশা।

তিনি বলেন, ‘তোবার শ্রমিকদের বকেয়া পরিশোধে মালিকপক্ষ যে নাটক করেছে তা অগ্রহণযোগ্য। এখনও তারা উৎসব ভাতা ও ওভারটাইম পাননি অথচ বেআইনিভাবে কারখানাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। রানা প্লাজা ধসের এক বছর অতিক্রম হলেও আহত ও নিহতদের পরিবার ন্যায্য ক্ষতিপূরণ পায়নি। অথচ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা আছে।’

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা কামরুল আহসান ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন প্রমুখ।

এদিকে মানববন্ধন শেষে পল্টন এলাকায় মিছিল করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই