বুধবার জিএমটি ০৮:৩৬ পর্যন্ত স্পট গোল্ডের দাম ২.২% বেড়ে প্রতি আউন্স ৪,১৬৪.১৩ ডলারে পৌঁছায়, যা ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ। একই সময়ে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ১.৭% বৃদ্ধি পেয়ে ৪,২২৩.৬০ ডলার প্রতি আউন্সে দাঁড়ায়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশা মূল্যস্ফীতি নিয়ে কিছুটা উদ্বেগ কমালেও, বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছেন। এই প্রতিবেদন থেকে ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার নীতির বিষয়ে ইঙ্গিত মিলতে পারে।
এদিকে বাংলাদেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত শুক্রবার প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করার পর মঙ্গলবার (৪ আগস্ট) পর্যন্ত সেই মূল্যই বহাল রয়েছে। নতুন কোনো মূল্য সমন্বয়ের ঘোষণা না আসায় দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে সর্বশেষ নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
সূত্র: রয়টার্স
এস