বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে মোট ২২৯ কোটি ৯০ লাখ (২ দশমিক ২৯৯ বিলিয়ন) মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে ৩৯ কোটি ২০ লাখ ডলার। ফলে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৬ শতাংশ।

তথ্য অনুযায়ী, জুলাই মাসের প্রথম পাঁচ দিনে দেশে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। ধারাবাহিক প্রবাহের কারণে ২১ দিনে মোট প্রবাসী আয় পৌঁছায় ২০৯ কোটি ৫০ লাখ ডলারে। পরে ২৫ দিনের ব্যবধানে তা বেড়ে দাঁড়ায় ২২৯ কোটি ৯০ লাখ ডলারে।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনা কার্যক্রমের কারণে প্রবাসী আয় ইতিবাচক ধারায় রয়েছে।

তাদের ধারণা, এই প্রবণতা অব্যাহত থাকলে চলতি মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং আমদানি ব্যয় নির্বাহ ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এস