বন্ধ কারখানা খুলে দেয়া এবং বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও করেছে রাজধানীর দক্ষিণখান মোল্লারটেক এলাকার সোহান গার্মেন্টের শ্রমিকরা।

রবিবার বেলা ১২টার দিকে তারা বিজিএমইএ ভবন ঘেরাও করে রাখে।

শ্রমিকদের সাথে সংহতি প্রকাশ করে সেখানে উপস্থিত রয়েছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল, সাংগঠনিক সম্পাদক খায়রুল মামুন মিন্টু, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার এবং শ্রমিকনেতা ইদ্রিস আলী।

শ্রমিকরা জানায়, চারমাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে। বকেয়া পরিশোধ না করে, হঠাৎ করে বিনা নোটিশে গত ১০ এপ্রিল থেকে কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। এ ঘটনার পর থেকে ওই কারখানার ১৩শ’ শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

এর বিচার চেয়ে ও কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা মিছিল সহকারে বিইজএমইএ ভবন ঘেরাও করতে আসলে পুলিশের বাধার মুখে পড়ে।

পুলিশি বাধায় শ্রমিকরা বিজিএমইএ ভবনের প্রধান ফটকের সামনেই অবস্থান নেয়।

এমকে