পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুই কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে। কোম্পানি দুটি হলো-দি পেনিনসুলা চট্টগ্রাম লিমিটেড এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ মঙ্গলবার কমিশনের ৫০৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দি পেনিনসুলা চট্টগ্রাম লিমিটেড শেয়ারবাজারে সাড়ে ৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৬৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়াম ধরা হয়েছে।
আইপির মাধ্যমে সংগৃহীত টাকা দিয়ে হোটেল সম্প্রসারণ এবং চট্টগ্রাম এয়ারপোর্টের কাছে আরেকটি নতুন হোটেল নির্মাণসহ ব্যাংকঋণ পরিশোধে ব্যয় করা হবে।
৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৯ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩২.৭৩ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেন বুকবিল্ডিং পদ্ধতিতে ৩ কোটি ৩০ লাখ শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে। ৬ ক্যাটাগরির ২৮টি ইলিজিবল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কর্তৃক ৫০ টাকা প্রিমিয়ামসহ নির্দেশন মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।
৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.২১ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রেজিস্ট্রার হলো আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
বুকবিল্ডি পদ্ধতিতে সংগৃহীত অর্থ দিয়ে দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ, চলতি মূলধন সংস্থান এবং আইপিও খরচ নির্বাহে ব্যয় করা হবে।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]