ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা সেন্ট্রাল, সাউথ ও নর্থ জোন এবং কর্পোরেট শাখাসমূহের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় একটি কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ, একেএম আবদুল মালেক চৌধুরী, রফি আহমেদ বেগ ও নুরুল ইসলাম খলিফাসহ ব্যাংকের নির্বাহীবৃন্দ, জোনপ্রধান এবং ৬৬টি শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের বলেন, আন্তরিক সেবা, মানবিক আচরণ, অকৃত্রিম ভালবাসা ও সামাজিক কাজে অংশগ্রহনের মাধ্যমে ইসলামী ব্যাংককে জনগণের প্রিয় ও আস্থার ঠিকানায় পরিণত করতে হবে। এক্ষেত্রে শাখা ব্যবস্থাপকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাকাল থেকেই মানুষের কল্যাণে কাজ করছে। স্বচ্ছতা, জবাবদিহিতা, কর্পোরেট সংস্কৃতি, ব্যাংকিং নিয়মনীতি ও ইসলামী শরী’আর বিধান পালনের মাধ্যমে এ ব্যাংক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তিনি।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





