ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা ও বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন শনি ও রোববার খুলনার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নুরুল ইসলাম খলিফা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুজ্জামান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, খুলনা জোন প্রধান আবু নাসের মোহাম্মদ নাজমুল বারী, বরিশাল জোনপ্রধান মো. আব্দুল কুদ্দুস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, ড. মো. কামাল উদ্দিন জসীম ও মো. মাকসুদুর রহমানসহ দুই জোনের ৪৯টি শাখার প্রধান এবং ম্যানেজার অপারেশনসহ ১৪০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করছে। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের প্রভুত সম্ভাবনা রয়েছে। এ সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে খুলনা ও বরিশাল অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। নতুন নতুন বিনিয়োগের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে প্রচেষ্টা চালানোর জন্য তিনি ব্যবস্থাপকদের প্রতি আহবান জানান।
মোহাম্মদ আবদুল মান্নান সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক সর্বজনীন কল্যাণ ও দেশের ভারসাম্যপূর্ণ উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সে আলোকে দেশের দক্ষিণ পশ্চিম জনপদের উন্নয়নের বিপুল সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে অবহেলিত এলাকাসমূহের উন্নয়নে এ অঞ্চলের জনগণের কাছ থেকে আহরিত আমানত শতভাগ স্থানীয় পর্যায়ে বিনিয়োগ করতে হবে।
তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষিভিত্তিক শিল্প ও আমদানি-রফতানিসহ সম্ভাবনাময় শিল্পের উন্নয়নে ব্যাংকের সকল জনশক্তিকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হতে হবে।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





