সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। দিনের শুরুতে বাজারে নিম্নমুখী প্রবণতা থাকলেও দেড় ঘন্টার মাথায় সূচক পুনরুদ্ধার হয়। দিন শেষে উভয় বাজারে টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির। লেনদেন হয়েছে ৯৯২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
রোববার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৯১৩ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৯৮১ কোটি ৩৫ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে সোমবার লেনদেন বেড়েছে ১০ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার টাকা বা ১.১১ শতাংশ।
সোমবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৪৯৬ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫০ শতাংশ।
এ দিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের। দিনভর এ কোম্পানির ৯৯ লাখ ১৮ হাজার ২০০টি শেয়ার ৭৫ কোটি ৪১ লাখ ৩০ হাজার ৩০০ টাকায় লেনদেন হয়েছে।
এ ছাড়া গ্রামীণফোনের ৪৪ কোটি ৪৩ লাখ, বেক্সিমকো লিমিটেডের ৩৮ কোটি ১৯ লাখ, এমজেএলবিডির ৩৭ কোটি ৫৬ লাখ, বেক্সিমকো ফার্মার ৩৪ কোটি ৮৮ লাখ, লাফার্জ সুরমা সিমেন্টের ৩৩ কোটি ৭১ লাখ, বিএসআরএম স্টিলের ৩২ কোটি ৩২ লাখ, একটিভ ফাইন কেমিক্যালের ১৯ কোটি ৬৯ লাখ, এসিআই লিমিটেডের ১৮ কোটি ৯ লাখ এবং এসিআই ফরমুলেশনের ১৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১০২টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৭৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
রোববার সিএসইতে লেনদেন হয়েছিল ৬৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে সোমবার সিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ০৭ লাখ টাকা।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





