সাভারের আশুলিয়ায় বন্ধ পোশাক কারখানাগুলো আজ সোমবার (২৬ ডিসেম্বর) থেকে খুলছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন (বিজিএমইএ)।

রোববার সন্ধ্যায় বিজিএমইএ সভাকক্ষে জরুরি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মো. সিদ্দীকুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ, শ্রমিক ভাইবোনদের অনুরোধক্রমে এবং সার্বিক অর্থনীতির দিক বিবেচনা করে আশুলিয়ার যে ৫৯টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে, সেই কারখানাগুলোর মালিকদেরকে অনুরোধ করছি ১৩(১) ধারা প্রত্যাহার করে কারখানা খুলে দেন।

শ্রমিকদের উদ্দেশ্যে বিজিএমইএ সভাপতি বলেন, সোমবার সকাল থেকে স্ব স্ব কারখানায় কাজে যোগ দেন এবং উৎপাদন সচল রাখুন।

তিনি বলেন, বাইরের ইন্ধনদাতাদের কিছু অযৌক্তিক দাবি দাওয়ার বিষয়ে শ্রমিকদের প্ররোচিত করে আশুলিয়া এলাকার ৫৯টি কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এতে বিদেশি ক্রেতাদের কাছে দেশ ও এই শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাসিরসহ সংগঠনটির অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাসাভাড়া বাড়ার কারণে ন্যূনতম মজুরি বাড়ানো, নানা অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধ, কোনো কারণে ছাঁটাই হলে নিয়ম অনুযায়ী প্রাপ্য পরিশোধ এবং ছুটিকালীন বেতন বহাল রাখার দাবিতে গত ১২ ডিসেম্বর থেকে আন্দোলন শুরু করেন ওই এলাকার তৈরি পোশাক শ্রমিকরা।

পরে ২০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বিজিএমইএ সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলন করে সাভারের আশুলিয়ায় সব তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টি কালের বন্ধ ঘোষণা করে বিজিএমইএ।

এমএনজে