চীন সরকারের স্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন এর আমন্ত্রণে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এক সপ্তাহের সফরে সোমবার দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সফরকালে তিনি এসডিআইসি’র সহযোগী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল কমপ্লিট প্লান্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন লিমিটেড এর মাধ্যমে সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহ্জালাল সার কারখানার বাস্তবায়ন কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পাদনের বিষয়ে আলোচনা করবেন।

এছাড়া তিনি চীনের শিল্প, বাণিজ্য এবং চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাথে পৃথকভাবে বৈঠক করবেন। এসব বৈঠকে তিনি বাংলাদেশের শিল্পখাতে চীনের ভবিষ্যৎ সহযোগিতা ও কর্মপন্থা নির্ধারণসহ দ্বি-পাক্ষিক সহায়তার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরবেন।

তাঁর এ সফর দেশের শিল্পখাতে চীনের বিনিয়োগ বৃদ্ধি ও দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

শিল্পমন্ত্রী আগামী ২৯ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর