[b]ঢাকা: [/b]বিশ্বের শীর্ষ খুচরা বিক্রেতা কোম্পানি ওয়াল-মার্ট তাদের রিটেইল ওয়্যার হাউস চেইন স্যামস ক্লাব থেকে ২ হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এ সংখ্যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর ২ শতাংশ। একই সঙ্গে এটি ২০১০ সালের পর সর্বোচ্চসংখ্যক কর্মী ছাঁটাই।
সাম্প্রতিক দিনগুলোয় যুক্তরাষ্ট্রে অবকাশকালীন বিক্রি না বাড়ায় এ বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল কোম্পানিটি। এর আগে চলতি মাসের শুরুর দিকে অন্যান্য খুচরা বিক্রেতা কোম্পানিও বিক্রি কমার কথা জানায়। এর মধ্যে রয়েছে ম্যাসিস, জেসি পেনি ও টার্গেট।
ওয়ালমার্টের মুখপাত্র বিল ডার্লিং জানান, ছাঁটাইয়ের আওতায় ঘণ্টা হিসেবে কাজ করাদের পাশাপাশি সহকারী ব্যবস্থাপকরাও পড়বেন। আমরা আমাদের সব কাজেই সামঞ্জস্য রাখার চেষ্টা করছি। এছাড়া ছাঁটাই হওয়াদের মধ্যে যারা স্যামস ক্লাব অথবা ওয়ালমার্টে নতুন কোনো দায়িত্ব পাবেন না তাদের ক্ষতিপূরণ দেয়া হবে।
এর পাশাপাশিউদীয়মান বাজারগুলোয় ওয়াল-মার্টের বিশালসংখ্যক পণ্য বিক্রি নিয়ে ঝুঁকি বৃদ্ধির কারণে কোম্পানিটির শেয়ারের দাম কমে গেছে।
শুধু ওয়াল-মার্টই নয়, ম্যাকিস ও জেসি পেনিও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। অনলাইনে মনোযোগ বাড়ানোর জন্য বর্তমান কর্মী কমানোর উদ্যোগ নিয়েছে ম্যাকিস। অন্যদিকে মুনাফা বৃদ্ধি ও ব্যয়সংকোচনের জন্য কর্মী ছাঁটাই করবে জেসি পেনি। সুত্র: রয়টার্স।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]